আলিফ হত্যার প্রতিবাদে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির প্রতিবাদ সভা
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য তরুণ, চট্টগ্রাম আদালতের সরকারি আইন কর্মকর্তা এ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ তহিদুল হক সরকার।
প্রতিবাদ সমাবেশ থেকে চট্টগ্রাম আদালতের তরুণ আইনজীবী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, জেলা আদালতের জিপি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, পিপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র আইনজীবী মোঃ আনিসুর রহমান চৌধুরী, মোঃ এমাম আলী, মােঃ ফিরোজ ইব্রাহিম, মোঃ লিয়াকত আলী, আনোয়ারুল আজিম সরকার খোকন, ইন্দ্রজিত কুমার অনিক, জেলা আইনজীবী সমিতির সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন।
প্রতিবাদ সভায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।