যশোরের বাঘারপাড়া উপজেলা যুবদলের সব ইউনিয়ন কমিটি বাতিল

যশোরের বাঘারপাড়া উপজেলা যুবদলের সব ইউনিয়ন কমিটি বাতিল

ফাইল ছবি

যশোর প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ঘোষিত ইউনিয়ন কমিটি সমূহ বাতিল করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার সকল ইউনিয়ন কমিটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।  

সূত্রে জানানো হয়েছে দলীয় নির্দেশনা পরিপন্থী প্রক্রিয়ায় গঠিত হওয়ায় গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কিছু গণমাধ্যমে কমিটি তালিকা প্রকাশিত হয়।

বাঘারপাড়া উপজেলার জামদিয়া, জহুরপুর, দরাজহাট, নারিকেলবাড়িয়া, রায়পুর, ধলগ্রাম, বাসুয়াড়ী ইউনিয়নসহ উপজেলার ঘোষিত এসব কমিটি বাতিল করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানা ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদলের দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এব্যাপারে যোগাযোগ করা হলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেন।

কি কারণে বাতিল করা হলো তা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল নেতা জানান, নতুন কমিটি গঠনের ব্যাপারে কেন্দ্র এবং জেলা কমিটির কোন নির্দেশনা নেই। তারপরও বাঘারপাড়া উপজেলা যুবদলের সাবেক নেতা এখলাচ হোসেন ও বিল্লাল বিশ্বাস কমিটি গঠন করেন।