শরণখোলায় গাছের ডাল কটার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
প্রতিকী ছবি
বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে সাখাওয়াত আকন (৪৭) নামে এক দিনমজুর মারা গেছেন। গাছে উঠে ডাল কাটার সময় পাশের বিদ্যুতের তারের সঙ্গে ডালের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ছিটকে নিচে পড়ে যান তিনি।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সোমবার সকালে উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাখাওয়াত আকন ওই গ্রামের গণি আকনের ছেলে।মৃতের স্বজনরা জানান, সাখাওয়াত আকন সকাল ৭টার দিকে গ্রামের মোতালেব তালুকদারের বাড়ির একটি গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
শরণখোলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই সাখাওয়াতের মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।