মাদারীপুরে ৪২০ বস্তা সারসহ ট্রাক জব্দ, আটক ২
ছবি : সংগৃহীত
মাদারীপুরের ডাসারে ৪২০ বস্তা অবৈধ টিএসপি সার ও ট্রাকসহ দু'জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে সার ও ট্রাকসহ দুই জন আটকের খবর নিশ্চিত করেছে ডাসার থানা পুলিশ।
আটককৃতরা হলেন- গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের আমির সরদারের ছেলে ট্রাকচালক মো.সাগর সরদার(২২) ও একই গ্রামের ইউনুস খলিফার ছেলে ট্রাকের হেল্পার সোহান খলিফা (২৪)।
পুলিশ জানায়, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর থেকে ফরিদপুরে সার পাচার করা হচ্ছে- এমন খবরে সোমবার রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গা ব্রিজ নামক স্থানে ৪২০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। এসময় দু'জনকে আটক করা হয়।
এ বিষয়ে ডাসার থানার এসআই মো. আজাদ বলেন, সার পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে ৪২০ বস্তা সারসহ ট্রাক ও দু'জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হবে