রেসিপি: ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল
ফাইল ছবি
আলু দিয়ে মাছের ঝোল আমরা সারা বছরই খাই। তবে এই শীতের সময় বাজারে যে নতুন আলু আসে, সেটা দিয়ে মাছের ঝোলের কিন্তু একেবারেই একটা আলাদা স্বাদ আছে। দারুন একটা মিষ্টি স্বাদ। আর সঙ্গে যদি ফুলকপি দেওয়া যায়, তাহলে তো আর কথাই নেই! তবে এটা কিন্তু কোনো নতুন রেসিপি না। চাইলে আজ আপনিও রান্না করতে পারেন।
তো আর দেরি না করে দেখে নিন ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের সহজ রেসিপিটি-
উপকরণ
রুই মাছ-৮টুকরা
ফুলকাপি-১টি
আলু-২টি
পেঁয়াজকুচি-২ টেবিল-চামচ
রসুনবাটা-১ চা-চামচ
আদাবাটা-১ চা-চামচ
হলুদগুঁড়া-১ চা-চামচ
ধনেগুঁড়া বা বাটাআধা-চা-চামচ
কাঁচামরিচ-৫টি
মরিচগুঁড়া-আধা চা-চামচ
জিরাগুঁড়া-আধা চা-চামচ
ধনেপাতা কুচি-১ টেবিল চামচ
তেল-২ টেবিল-চামচ
লবণ-পরিমাণমতো।
প্রণালী
মাছ কেটে টুকরা করে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে পাত্রে রাখুন। ফুলকপি ও আলু টুকরা করে কেটে ধুয়ে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লালচে করে ভাজুন। এখন ফুলকপি ও আলু দিয়ে দিন।
একে একে মরিচগুঁড়া, রসুনবাটা, আদাবাটা, হলুদগুঁড়া, ধনেগুঁড়া বা বাটা এবং লবণ দিয়ে অল্প পানিসহ কষিয়ে আবার পানি দিন। পানি ফুটে উঠলে উপরে মাছ দিয়ে ঢেকে রান্না করুন। নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ, জিরাগুঁড়া দিয়ে দিন। এরপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।