বিখ্যাত গীতিকার আবু জাফর হাসপাতালে
ছবি: প্রতীকী
বিখ্যাত গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফর গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবরটি ঢাকা মেইলকে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে থেকে জানিয়েছে, ল্যাবএইডের সিসিইউতে চিকিৎসাধীন আছেন আবু জাফর। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে এই গীতিকবির মুঠোফোনে কল দিলে কেউ রিসিভ করেননি।
আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।
তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম খোন্দকার মো.জমির উদ্দিন।
আবু জাফর রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল। একাধিক কালজয়ী গানের স্রষ্টা তিনি। এরমধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ উল্লেখযোগ্য।
বেশকিছু বই লিখেছেন আবু জাফর। এরমধ্যে নতুন ‘রাত্রি পুরনো দিন’ (কাব্য), ‘বাজারে দূর্ণাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’ (অনুবাদ কাব্য) উল্লেখযোগ্য।