ভিনিসিয়ুসের ফেরার সুখবর দিলেন আনচেলত্তি
সংগৃহীত
গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ এ মৌসুমে যেন নিজেদের হারিয়ে খুঁজছে। কোনো প্রতিযোগীতায়ই চেনা ছন্দে নেই লস ব্লাঙ্কোসরা, ধারাবাহিকভাবে ভালোও করতে পারছে না। সেই সঙ্গে দুশ্চিন্তা আছে কিলিয়ান এমবাপেকে নিয়েও, ফরাসি এই তারকা নিজেকে এখনো মেলে ধরতে পারেননি। চোটের কারণে ভিনিসিয়ুস জুনিয়র যখন মাঠের বাইরে তখন দলের ত্রাতা হতে পারছেন না এমবাপে।
ভিনিসিয়ুস সবশেষ মাঠে নেমেছিলেন গত ২৪ নভেম্বর লেগানেসের বিপক্ষে ম্যাচে। এরপরই পেশির চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যান তিনি। তাকে ছাড়া সবশেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে পরাজয়ের পর লিগে আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা।
দলের পারফর্ম্যান্সের যখন এমন অবস্থা তখন ভিনিসিয়ুসের ফেরার সুখবর দিয়েছেন রিয়াল কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘ভিনিসিউসকে (চোট কাটিয়ে) ফিরতে দেখাটা দারুণ ব্যাপার। এটা আমাদেরকে আরও প্রেরণা যোগাবে।’
আনচেলত্তি আরও বলেন, ‘সে খুব ভালোভাবে সেরে উঠেছে। কালকের ম্যাচে থাকবে না, তবে চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকবে।’