পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ছবি
পঞ্চগড় সদর উপজেলায় রাস্তায় হাঁটার সময় দ্রুতগামী এক মোটরসাইকেলের ধাক্কায় কালু মিঞা (৮০) নামে এক বৃদ্ধ পথচারীর নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা যান তিনি।
এর আগে, গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল এলাকায় তার নিজ বাড়ির সামনে বসুনিয়াপাড়া-জগদল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিঞা একই ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান।
চেয়ারম্যান আল ইমরান বলেন, ‘বুধবার সন্ধ্যায় বাড়ির বাইরের রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন দিক থেকে জগদল বাজারের উদ্দেশে ছেড়ে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুরে মেডিকেলে স্থানান্তর করেন। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মেডিকেলের চিকিৎসক ফেরত পাঠান। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি রাখেন পরিবারের সদস্যরা।
পরে সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার সকালে হাসপাতালে মারা যান কালু মিঞা। তবে এ ঘটনার পর দায়ী মোটরসাইকেলটি পালিয়ে যায়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।