রেসিপি: দুধ চিতই পিঠা

রেসিপি: দুধ চিতই পিঠা

ফাইল ছবি

শীতে বিভিন্ন ধরনের পিঠার মধ্যে একটি উল্লেখযোগ্য পিঠার নাম হলো চিতই পিঠা। অনেকে এই পিঠাকে সাদা পিঠাও বলে থাকে। খেজুর রস কিংবা গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ আরো বেড়ে যায়। তৈরি করা চিতই পিঠা দুধে ভিজানো হলে আরো সুস্বাদু হয়। তাই স্বাদ নিতে বাড়িতেই তৈরি করতে পারেন। জেনে নিন সুস্বাদু এই পিঠা তৈরির সহজ রেসিপি।

পিঠা তৈরির উপকরণ:
চালের গুঁড়া-২ কাপ
হালকা গরম পানি-পরিমাণ মতো 
লবণ-১/২ চা চামচ।

পিঠা ভেজানোর জন্য উপকরণ:
তরল দুধ-২ লিটার 
খেজুর গুড়-২ কাপ 
নারিকেল কোরানো-১ কাপ 
এলাচ ও দারুচিনি-৪/৫ টুকরা 
লবণ-পরিমাণমতো।

প্রণালি
চালের গুঁড়া হালকা গরম পানি ও লবণ দিয়ে নেড়ে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করে নিন। চিতই পিঠার খোলা চুলায় দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। গোলা খোলায় দেয়ার আগে তা চুলায় গরম করে হালকা তেল ব্রাশ করে নিন। এরপর গরম খোলায় গোলা দিয়ে ঢাকনায় ঢেকে দিন। ৪/৫ মিনিট পর পিঠা হলে খুন্তি দিয়ে চাপ দিয়ে উঠিয়ে নিন।

সব চিতই বানানো হয়ে গেলে অন্য একটি হাঁড়িতে অল্প আঁচে দুধ চুলায় বসান। তাতে দিন এলাচ ও দারুচিনি। তরল দুধ গরম হয়ে উঠলে পাত্র চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। এরপর অল্প পানিতে গুঁড় গরম করে নিয়ে আলতোভাবে সে গুঁড়ের তরল দুধে মিশিয়ে নিন।

এরপর মৃদু আঁচে তরল দুধ আবার চুলায় গরম করে নিন। এবার চুলা থেকে তরল দুধ নামিয়ে তাতে পিঠাগুলো দিয়ে তার ওপর নারিকেল কোরানো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ৪-৬ ঘণ্টা পর পিঠা ভিজে নরম হয়ে গেলে উপরে বাকি অর্ধেক নারিকেল কোরানো ছড়িয়ে গরম গরম উপভোগ করুন দুধ চিতইয়ের মজাদার স্বাদ।