সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রতিকী ছবি
সিলেটে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারীসহ অন্তত চারজন।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনজব উল্লাহার ছেলে রুহুল আমিন এবং ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত। আহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর সিলেট নগরীর কিনব্রিজের সামনে থেকে একটি অটোরিকশা ভাড়া করে পাঁচজন জগন্নাথপুর যাচ্ছিলেন। দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।