যথাযোগ্য মর্যাদায় লাকসাম -মনোহরগঞ্জে বিজয় দিবস পালিত হয়েছে

যথাযোগ্য মর্যাদায় লাকসাম -মনোহরগঞ্জে বিজয় দিবস পালিত হয়েছে

ছবিঃ সংগৃহিত।

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজ বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত গোটা জাতি। কুমিল্লার লাকসাম -মনোহরগঞ্জ উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি।

লাকসাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় উপজেলা পরিষদের কার্যালয়ে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। শ্রদ্ধা জানান লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ,লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসরীন সুলতানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক , সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লাকসাম পৌরসভা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এছাড়াও লাকসাম পৌর পার্কে বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনে পালিত হয় দিবসটি।

 মনোহরগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম , মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমুল কুমার দে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দীর্ঘদিন পর পুস্পস্তবক অর্পণে অংশ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা শাখার আহ্বায়ক আবুল কালাম এবং সাবেক সংসদ সদস্য কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিম সমর্থিত নেতাকর্মীরা দুইটি উপজেলায় পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এছাড়াও দুটি উপজেলায় জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবির এবং ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

দীর্ঘদিন পর উচ্ছ্বাস আনন্দে লাকসাম -মনোহরগঞ্জে বিজয় দিবস পালন করতে দেখা যায়।