দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার
ফাইল ছবি
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— শ্যামল সাহা (৩০), বিষ্ণু সরকার (২৪), সুজন (২৭) ও মাসুম (২৫)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে কদমতলীর ডিপটি গলিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় দুটি সুইচ গিয়ার চাকু, একটি ছোরা, পাঁচটি রড উদ্ধার করা হয়।
কদমতলী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ডিপটি গলির ভিতরে মায়ের দোয়া জেনারেল স্টোর অ্যান্ড কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে —এমন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের সহযোগী কয়েক জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা ও পলাতক আসামিরা উক্ত স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে কদমতলী এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা ঘটনাস্থলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।