গাজীপুরে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু
সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে ওই বসতবাড়ির ৭টি টিনশেড ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃত শিশু মিরাজ (৭) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকার লতা বেগমের ভাড়া বাড়ির একটি কক্ষে বাবা-মায়ের সঙ্গে সে বসবাস করতো।
নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পেশায় রিকশাচালক মিরাজের বাবা খুরশিদ আলম টঙ্গীর দত্তপাড়ার হাজী মার্কেট এলাকায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে মিরাজ দাদির সঙ্গে রাতের খাবার খেয়ে তাদের নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালাবদ্ধ করে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে আসলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বসতবাড়ির ৭টি কক্ষ পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, মঙ্গলবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।