বিদেশ গমনেচ্ছুদের যাত্রা পথ মসৃন করতে হবে: যশোর জেলা প্রশাসক
ছবি: প্রতিনিধি
বিদেশ গমনেচ্ছুদের যাত্রা পথ মসৃন করতে হবে বলে জানিয়েছেন যশোর জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।
তিনি বলেছেন, প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ছয়- সাত লক্ষ মানুষ বিদেশ গমন করে। কিন্তু তাদের যাওযার পথটা মসৃন নয়। অধিকাংশ মানুষ অবৈধভাবে দালালের মাধ্যমে প্রশিক্ষণ না নিয়ে বিদেশ গমন করে, ফলে তারা নানাভাবে প্রতারিত হয় এবং আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনের ঝুঁকিও থাকে। তারপরেও অবৈধভাবে অভিবাসনের হার কমছে না। সুতরাং বিদেশ গমনেচ্ছুদের বিদেশ যাত্রার পথটা যেন মসৃন এবং নিরাপদ হয় সেইজন্য সংশ্লিষ্ট সকলকে আরও বেশি সচেতন হতে হবে।
বুধবার সকালে যশোর জেলাপ্রশাসন আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য-“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।”
দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি অভিবাসন প্রবণ যশোর জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, যশোর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মো: সাজ্জাদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ ফসিয়ার রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক যশোর জেলা সমন্বয়কারী মো: আলমাছুর রহমান। তিনি বক্তব্যে বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ ও নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে জেলায় গৃহীত কার্যক্রম সম্পর্কে উপস্থিতি সকলকে জানান।
আলোচনা সভা শেষে যশোরের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী পুরুষ সংযুক্ত আরব আমিরাত থেকে শেখ হারুন আক্তার ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নারী প্রবাসী স্বপ্না খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত জব ফেয়ার স্টল প্রদানকারী প্রতিষ্ঠান গুলোকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা করা হয়।