আফতাবনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

আফতাবনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

ছবি : প্রতীকি

রাজধানীর আফতাবনগর এলাকার একটি বাসায় স্বামীর ছুরিকাঘাতে মিম আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে আফতাবনগর বি ব্লক থেকে রক্তাক্ত অবস্থায় মিমকে সিকিউরিটি গার্ডরা উদ্ধার করে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে যায়। সংবাদ পেয়ে স্বজনরা সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মিম শরীয়তপুর জেলার নওডোবা থানার অসিম উদ্দিন মাতবর কান্দি গ্রামের সোহরাব খানের মেয়ে। তার স্বামীর নাম শেখ সোহেল।

নিহতের বোন তাহমিনা আক্তার জানান, মিমের সাথে শেখ সোহেলের দুই বছর আগে বিয়ে হয়। তাদের দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। তাদের ঘরে সাত মাসের পুত্র সন্তান রয়েছে। সোহেল আগের স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকেন। সেখানে তিনি ব্যবসা করেন। মিমের সাথে পরিচয় হবার পর বলেছিল তার আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে মিমের সাথে বিয়ে হয়। বিয়ের পর জানা যায় আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়নি। বিয়ের পরেও মিম আফতাবনগরে আমাদের কাছেই থাকতো। তার স্বামী সোহেল আমাদের বাসায় যাতায়াত করতো। আগের ঘরের স্ত্রীকে ডিভোর্স দিয়ে মিমকে নিয়ে যাবে বলে জানিয়েছিল সোহেল। এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়াবিবাদ হতো। এসব কারণে গতরাতে সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে মিমকে নিয়ে বের হয়। ভোররাতে মোবাইলের মাধ্যমে জানতে পারি মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সেখানে গিয়ে মিমকে রক্তাক্ত অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

তিনি বলেন, মিমের স্বামীই তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।