কালীগঞ্জে মেছো বিড়াল হত্যায় গ্রেফতার ২

কালীগঞ্জে মেছো বিড়াল হত্যায় গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম ও মোবারক আলী নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাতে (২১ ডিসেম্বর) তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্ত জাহিদুল ও মোবারক উপজেলার খেদাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেছো বিড়াল হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় শনিবার রাত ৯টার দিকে যশোরের শার্শা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, একটি মেছো বিড়াল মেরে ইজিবাইকে ঝুলিয়ে রাখা হয়। এটা জানতে পেরে তাৎক্ষণিকভাবে সেখানে বন বিভাগের লোকজন পাঠানো হয় এবং ঘটনা সত্যতা জানা যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মেছো বিড়াল হত্যার ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।