রেসিপি: ছিটা পিঠার সঙ্গে হাঁসের মাংস

রেসিপি: ছিটা পিঠার সঙ্গে হাঁসের মাংস

ফাইল ছবি

শীতে হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে। আর সেই সঙ্গে যদি হয় ছিটা পিঠা তাহলে তো কথাই নেই। ছিটা পিঠা তৈরি করা বেশ সহজ হলেও, অনেকেই তা সঠিক উপায়ে পারেন না। আর এ কারণেই পিঠা মচমচে হয় না।

আবার হাঁস ভুনা করতে গিয়েও অনেকে ঝক্কি পোহান। তাদের জন্য রইলো ছিটা পিঠা ও হাঁস ভুনার সহজ রেসিপি-

পিঠা তৈরির উপকরণ

চালের গুঁড়া-২ কাপ
পানি-৩ কাপ
ডিম-একটি ফেটানো
লবণ-পরিমাণমতো 
তেল-পরিমাণমতো।

প্রণালি 

প্রথম সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করতে হবে। এ অবস্থায় মিশ্রণটি ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর একটি প্যানে তেল ব্রাশ করে চালের গুঁড়ার মিশ্রণে হাত চুবিয়ে প্যানে ছিটিয়ে দিন। আঙুলগুলো প্যানের ওপর ঝেড়ে নিতে হবে। এভাবে প্রতি পিঠার জন্য তিন-চারবার মিশ্রণটিতে হাত চুবিয়ে পরপর ছিটিয়ে দিন।

চুলার আঁচ কমানো থাকবে ও পিঠা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পিঠা হয়ে গেলে আলতো করে তিন কোণা আকৃতির ভাঁজ করে তুলে ফেলুন।

হাঁসের মাংস রান্নার উপকরণ

হাঁস টুকরা করা-১টি 
গরম মসলা-পরিমাণমতো 
ধনিয়া গুঁড়া-১ চা চামচ 
লবণ-পরিমাণমতো 
পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ 
জিরা বাটা-১ চা চামচ 
জিরার গুঁড়া-১ চা চামচ 
রসুন বাটা-১ টেবিল চামচ 
মরিচের গুঁড়া-১ টেবিল চামচ 
কাঁচা মরিচ-৪/৫টি 
আদা বাটা-১ টেবিল চামচ 
হলুদের গুঁড়া-১ চা চামচ 
বেরেস্তা-১/৩ কাপ 
টকদই-১টেবিল চামচ 
চিনি-সামান্য 
তেল-পরিমাণমতো। 

প্রণালি 

প্রথমে হাঁসের মাংসের সঙ্গে লবণ, চা চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা, একই পরিমাণ রসুন বাটা, এক চা চামচ চিনি ও এক চা চামচ হলুদ মিশিয়ে মাংস মেরিনেট করে নিন।

এরপর তেলে গরম মসলার ফোড়ন দিতে হবে। এবার এক চা চামচ আদা ও একই পরিমাণ রসুন বাটা মিশিয়ে নিন। একই সঙ্গে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, ধনিয়া গুঁড়া ও আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে মসলা কষিয়ে নিতে হবে।

মাংস কষানো হয়ে গেলে আধা কাপ বেরেস্তা দিয়ে হাঁসের মাংস ঢেলে দিতে হবে। তারপর বাকি বেরেস্তাগুলো দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেলো মজাদার হাঁস ভুনা। নামিয়ে গরম গরম পিঠার সঙ্গে পরিবেশন করুন মজাদার এই পদ।