কর্ণফুলী নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ২
ফাইল ছবি।
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে গেছে দুই পর্যটক। তারা হলেন- প্রিয়ন্ত (১৬) ও শাওয়ন (১৭)। মঙ্গলবার বিকাল ৩টায় কাপ্তাই উপজেলার সিতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধারে নেমেছে কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির নৌ-বাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সদরঘাট এলাকা থেকে ৯ জন কিশোর রাঙামাটি কাপ্তাই উপজেলায় ভ্রমণে আসে। উপজেলার লিচু বাগান এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত বোটে করে তারা প্রথমে সিতা মন্দির ঘাটে আসে। সেখানে বন্ধুরা সাঁতার প্রতিযোগিতায় মেতে উঠে। এরই মধ্যে পানিতে তলিয়ে যায় প্রিয়ন্ত ও শাওয়ন।
বিষয়টি তাদের বন্ধুরা বুঝতে পারলে খোঁজাখুঁজি শুরু হয়। পরে খবর দেওয়া হয় কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির নৌ বাহিনীর ডুবুরি দলকে। একই সাথে তাদের সাথে যুক্ত হয় রাঙামাটি ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল।
কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির নৌ বাহিনীর লে. কমান্ডার মো. হামিদুর ইসলাম বলেন, নৌ বাহিনীর ৭ জন ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমেছে।
এখনো নিখোঁজদের খোঁজ মেলেনি। তবে অভিযান অব্যাহত রয়েছে।অন্যদিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম বলেন, নিখোঁজদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কর্ণফুলীর বিভিন্ন মোহনায় অভিযার পরিচালনা করছে। পানির গভীরতা বেশি এবং জোয়ারের কারণে হয়তো স্রোতের সাথে ভেসে যেতে পারে পর্যটকরা। সে বিষয়টাও তদন্ত করা হচ্ছে।