শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে: আমিনুল হক

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে: আমিনুল হক

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক ও বিএনপি'র ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছরের পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে দেশের প্রত্যকটি সেক্টরে দলীয় ও রাজনীতিকরণ করেছে; আমাদের দেশের ক্রীড়াঙ্গন এর থেকে মুক্ত ছিল না; শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে চলে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে গুলশানের লেকশো'র হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে 'জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫' উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমিনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন-তখন কিন্তু দেশের ক্রীড়াঙ্গনে কোনো দলীয় ও রাজনীতিকরণ ছিল না। তখন মাঠের যারা ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় ছিল; তাদেরকে নিয়ে ক্রীড়াঙ্গন গড়ে তোলার কারণেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সাফল্য আমরা দেখেছিলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব মোস্তফা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালি সাব্বির, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ক্রীড়া ও সাংস্কৃতিক সেলের প্রধান সমন্বয়ক আকতার হোসেন প্রমুখ।