শীতেই রান্না করুন হাঁসের মাংসের বিভিন্ন পদ
ছবিঃ সংগৃহিত।
শীতে হাঁসের মাংসের কদর হয় বেশি। এ সময় হাঁসের মাংস খেতে বিভিন্ন রেস্তোরাঁয় ছুটে যান অনেকে। বাড়িতেই তৈরি করতে পারেন হাঁসের মাংসের সুস্বাদু পদ। পাঁচটি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মাকসুদা বেগম স্নিগ্ধা
ডাক পটেটো স্টিক
উপকরণ
হাঁসের বুকের মাংস কিউব করে কাটা এক কাপ, আলু সিদ্ধ করে ম্যাশ করা দই কাপ, লবণ স্বাদমতো, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স স্বাদমতো, জল ঝরানো টক দই আধা কাপ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, টালা জিরা গুঁড়া আধা চা চামচ, পাপরিকা পাউডার এক চা চামচ, চিলি সস দুই টেবিল চামচ, বেসন আধা কাপ, সয়াবিন তেল দেড় কাপ, টোস্ট বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো, ডিম একটি, সাসলিকের কাঠি প্রয়োজনমতো।
যেভাবে তৈরি করবেন
১. হাঁসের বুকের মাংস কিউব করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর স্বাদমতো লবণ, চিলি সস, টক দই, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মেখে হাঁড়িতে নিয়ে চুলায় বসিয়ে পানি শুকিয়ে সিদ্ধ করে নামিয়ে নিন।
২. ম্যাশ করা আলু, চিলি ফ্লেক্স, টালা জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পাপরিকা পাউডার, লবণ দিয়ে ভালো করে মেখে নিন।
৩. সাসলিক স্টিকে সিদ্ধ করে নেওয়া হাঁসের মাংসের টুকরাগুলো গেঁথে নিন।
এরপর আলুর মিশ্রণটা চেপে চেপে লম্বা করে মাংসের টুকরার সঙ্গে লাগিয়ে নিন।
৪. পরিমাণমতো পানি, স্বাদমতো লবণ, ডিম ও বেসন ভালো করে মিশিয়ে নিন।
৫. স্টিকগুলো বেসনের ব্যাটারে চুবিয়ে টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে তুলে সস বা সালাদ দিয়ে পরিবেশন করুন।
হাঁসের মাংসের কিমা কাটলেট
উপকরণ
হাঁসের মাংসের কিমা ৫০০ গ্রাম, লবণ স্বাদমতো
কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স স্বাদমতো, লেবুর রস দুই চা চামচ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, মিহি কুচি করে কাটা পেঁয়াজ আধা কাপ, সিদ্ধ আলু গ্রেট করে নেওয়া দেড় কাপ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, টালা জিরা গুঁড়া এক চা চামচ, কাঁচা মরিচ কুচি স্বাদমতো, সয়াবিন তেল দেড় কাপ, ব্রেডক্রামস দুই কাপ, ডিম দুটি, ময়দা এক কাপ।
যেভাবে তৈরি করবেন
১. হাঁসের বুকের ও রানের মাংস থেকে ওপরের স্কিনটা ছাড়িয়ে ধুয়ে কিমা মেশিনে কিমা করে নিন। এরপর সয়াবিন তেল, ব্রেডক্রামস ছাড়া সব উপকরণ দিয়ে ভালো করে মেখে একটু বড় আকারের কাটলেট শেপে বানিয়ে নিন।
২. ডিমগুলো লবণ দিয়ে দিয়ে ফেটিয়ে নিন।
৩. কাটলেটগুলো প্রথমে ময়দায় গড়িয়ে তারপর ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেডক্রামসে গড়িয়ে নিন। সবগুলো কাটলেট বানিয়ে ফ্রিজে কিছু সময় রেখে দিন সেট হওয়ার জন্য।
৪. চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে গরম হলে চুলার আঁচ কমিয়ে কাটলেটগুলো সময় নিয়ে ভেজে সস, সালাদ কিংবা চাটনি দিয়ে পরিবেশন করুন।
(চলবে...)