নেত্রকোনায় নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক সভা

নেত্রকোনায় নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক সভা

ছবি : সংগৃহীত

নেত্রকোনায় নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত স্টিয়ারিং কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা শহরের পূর্ব কাটলী এলাকায় বিএনপিএস এমএফটি প্রশিক্ষণ কক্ষে এই সভার আয়োজন করা হয়। 

‘গ্লোবাল নেটওর্য়াক অব উইমেন পিসবিল্ডার্স’ এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত সদর উপজেলা ষ্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

এই সভায় স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা, নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরণের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন বিষয়সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে গঠিত স্টিয়ারিং কমিটির চতুর্থ সভায় স্থানীয়করণ কর্মশালার বিষয়বস্তু পর্যালোচনাসহ গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী অর্জন, পরবর্তী করণীয়সহ জেন্ডার সমতা,  উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোনা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী ও কমিটির সমন্বয়কারী উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ। 

বক্ত্যব রাখেন, চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার শারমিন শাহাজাদী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ইলোরা তাহসিনা, সংস্কৃতি কর্মী শিল্পী ভট্টাচার্য, শিক্ষক শিউলি চক্রবর্তী, নারীনেত্রী ও নারী সাবেক প্যানেল মেয়র শামীমা সুলতানা শিল্পী প্রমুখ।