ছোট ভাইয়ের বদলে বিয়ে করতে এলেন বড় ভাই, অতঃপর...
ফাইল ছবি
বিয়েতে নানারকম বিপত্তি ঘটলেও এবার অন্যরকম এক বিপত্তি ঘটছে। তা েহলো.. ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হলেও তার পরিবর্তে বড় ভাই নিজেই বর সেজে বিয়ে করতে এসেছেন। তবে, কনেপক্ষকে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে বরপক্ষকে।
গত বুধবার দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ের সব আয়োজন সম্পন্ন করে কনের বাড়িতে আমন্ত্রিত অতিথিদের ধুমধামে খাওয়ার পর্ব শেষ হলে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল দু’পক্ষই। এরইমধ্যে ঘটে বিপত্তি ও অবাক করা কাণ্ড। বরবেশে ছোট ভাইয়ের জায়গায় বড় ভাই! শুরু হয় হৈচৈ। তখন সবাই জানতে পারেন বর বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বড় ভাই নিজেই বর সেজে বিয়ে করতে এসেছেন। পরে কনেপক্ষ রাজি না হলে এক লাখ টাকা খরচ বাবদ ক্ষতি পূরণ দিয়ে ফিরে যায় বরপক্ষ।
স্থানীয় বাসিন্দা হাসান আলী বলেন, পারিবারিকভাবে খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আরমান আলীর ছেলে মীর শহিদের সঙ্গে বিয়ে ঠিক হয়। সেই অনুসারে ছেলে পক্ষ বিয়ে করতে আসেন। মেয়েটি গরিব হওয়ায় আমরা এলাকাবাসী নিজেরা টাকা দিয়ে বিয়ের আয়োজন করি। বর শহিদ না এসে তার বড় ভাই আব্দুল মোমিন বর সেজে এলে বিপত্তি দেখা দেয়। পরে রাত ৯টার দিকে দু’পক্ষ বসে বিয়ের খরচ হওয়া এক লাখ টাকা দিয়ে তারা চলে যায়।
বর সেজে আসা আব্দুল মোমিন বলেন, বিয়ের জন্য ছোট ভাই শহিদ সবকিছু কিনে প্রস্তুতি নিয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তাই দু’পক্ষের সম্মানের কথা চিন্তা করে আমি নিজেই বিয়ে করতে আসি। যদি তাদের সম্মতি থাকত তাহলে বিয়ে করতাম।
মেয়ের মা বলেন, আমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিলাম সে আসেনি। বড় ভাই বর সেজে আসায় আমরা মেয়েকে বিয়ে দিইনি।
এ বিষয়ে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তার আগে দু’পক্ষ বসে নিজেদের মাঝে সমস্যার সমাধান করে নিয়েছে।