শীতেই রান্না করুন হাঁসের মাংসের বিভিন্ন পদ

শীতেই রান্না করুন হাঁসের মাংসের বিভিন্ন পদ

ছবিঃ সংগৃহিত।

(পূর্বের প্রকাশিতের পর)

আস্ত রসুনে হাঁস ভুনা

উপকরণ

এক থেকে দেড় কেজি ওজনের একটি দেশি হাঁস, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, আস্ত রসুন ৪টি, রসুনের বেরেস্তা দুই চা চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, জিরা বাটা এক চা চামচ, টালা জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া এক টেবিল চামচ, মরিচের গুঁড়া স্বাদমতো, হলুদের গুঁড়া দুই চা চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, আস্ত গরম মসলা (শাহি জিরা আধা চা চামচ, সাধারণ জিরা আধা চা চামচ, এলাচ চারটি, তেজপাতা দুটি, দারচিনি দুই টুকরা, আস্ত গোলমরিচ ৮-১০টি), টক দই ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. হাঁস পরিষ্কার করে একটু ছোট ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লবণ, টক দই দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রাখুন ৩০ মিনিট।

২. চুলায় হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল দিয়ে আস্ত গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে সব বাটা মসলা দিয়ে ভালো করে কষান। এরপর গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে মেরিনেট করা মাংস দিয়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন।

৩. মাংসটা সিদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে এলে আস্ত রসুন, রসুনের বেরেস্তা, টালা জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া দিয়ে দমে রাখুন ২০ মিনিট। এ রান্নায় পানি দেওয়ার প্রয়োজন হবে না। চুলার আঁচ কমিয়ে রান্না করুন।

৪. মাংস ভুনা ভুনা হয়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে রুটি, পরোটা, নান কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

নারকেল দুধে হাঁসের মাংস

উপকরণ

দেড় কেজি ওজনের একটা দেশি হাঁস, লবণ স্বাদমতো, টক দই আধা কাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, জিরা বাটা এক চা চামচ, ধনে গুঁড়া এক টেবিল চামচ, মরিচের গুঁড়া স্বাদমতো, হলুদের গুঁড়া দুই চা চামচ, নারকেলের দুধ দেড় কাপ, সয়াবিন তেল আধা কাপ, টালা জিরা গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, আস্ত গরম মসলা দুই টুকরা দারচিনি, ৪টি এলাচ, ৩টি তেজপাতা।

যেভাবে তৈরি করবেন

১. হাঁস পরিষ্কার করে ধুয়ে লবণ ও টক দই দিয়ে ভালো করে মেখে ২৫ মিনিট মেরিনেটের জন্য রেখে দিন।

২. চুলায় হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল দিয়ে আস্ত গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষান। কষাতে কষাতে তেল ওপরে উঠে এলে মেরিনেট করা মাংস দিয়ে আরো ভালো করে কষান।

৩. মাংসটা ভাজা ভাজা হয়ে এলে নারকেলের দুধ দিয়ে ঢেকে রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত।

৪. নামানোর আগে গরম মসলা গুঁড়া, টালা জিরা গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে চিতই পিঠা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

হাঁসের মাংসের বিরিয়ানি

উপকরণ

এক কেজি ওজনের একটা দেশি হাঁস, লবণ স্বাদমতো, জল ঝরানো টক দই এক কাপ, লেবুর রস এক টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, নারকেল বাটা আধা কাপ, ধনে গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ১০-১২টি, শাহি জিরা আধা চা চামচ, স্টার এনিস একটি, কালো বড় এলাচ দুটি, এলাচ ৪-৫টা, লং ৪-৫টা, দারচিনি টুকরা ৪টা, তেজপাতা ৩টা, কালো গোলমরিচ ১০-১২টা, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা বাটা সিকি কাপ, সয়াবিন তেল আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ, কেওড়াজল সামান্য, আলুবোখারা ৪-৫টা, কিশমিশ বাটা ১ চা চামচ, চিনি আধা চা চামচ, তরল দুধ ৬ কাপ, চিনিগুঁড়া পোলাওয়ের চাল ৩ কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে মাঝারি টুকরা করে লেবুর রস দিয়ে ভালো করে মেখে আবার ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২. চুলায় হাঁঁড়ি বসিয়ে সয়াবিন তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, টক দই, ধনে গুঁড়া দিয়ে ভালো করে কষান।

৩. এবার নারকেল বাটা, পেঁয়াজ বেরেস্তা বাটা, কিশমিশ বাটা দিয়ে ভালো করে কষান। এর মধ্যে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত। পানি শুকিয়ে এলে নামিয়ে নিন।

৪. পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল, ঘি দিয়ে শাহি জিরা, স্টার এনিস, কালো বড় এলাচ ফোড়ন দিয়ে ধুয়ে রাখা চাল ও লবণ দিয়ে ভালো করে ভাজুন।

৫. এরপর দুধ, কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে ওপরে ফয়েল পেঁচিয়ে দমে রাখুন ১০ মিনিট। এরপর ঢাকনা খুলে অর্ধেক পোলাও তুলে নিন। এবার রান্না করা মাংস দিয়ে ওপরে পোলাও দিয়ে, কেওড়াজল, চিনি, ঘি, পেঁয়াজ বেরেস্তা, আলুবোখারা দিয়ে দমে রাখুন ২৫-৩০ মিনিট।

৬. হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

(সমাপ্ত)