গাজায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত, প্রাণহানি সাড়ে ৪৫ হাজার ছুঁইছুঁই
ফাইল ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে থামছেই না ইসরায়েলি বর্বরতা। গত ২৪ ঘণ্টায় দখলদার দেশটির হামলায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ‘স্কুল ও নিরাপদ অঞ্চল’ থেকে শুরু করে কোনো এলাকাই বাদ যাচ্ছে না দখলদার দেশটির হামলা থেকে।
এ নিয়ে ১৪ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৪৫ হাজার ছুঁইছুঁই করছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় যারা মারা গেছেন তাদের বেশিরভাগই ছিটমহলের অবরুদ্ধ উত্তরাঞ্চলের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া সহ কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের সময় ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক আটক রোগীদের এবং চিকিৎসা কর্মীদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থীশিবিরও।
ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।
দখলদার দেশটির নিরলস হামলা এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ আট হাজার ৯০ জন।