ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম-আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে মনোনীত করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন কমিটি ২০২৫ ও ২০২৬ সালের জন্য গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ঢাবির কলা অনুষদ শিক্ষক লাউঞ্জে সাদা দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সাদা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিটের পক্ষ থেকে আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কের নাম প্রস্তাব করা হয়। সাদা দলের কেন্দ্রীয় কমিটি ৫ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে ইউনিট কমিটিগুলোর সাধারণ সভা আহ্বান করেছিল, যেখানে প্রত্যেক ইউনিট থেকে একজন আহ্বায়ক এবং দুইজন যুগ্ম-আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য বলা হয়েছিল।

ইউনিটগুলোর প্রস্তাবিত নামগুলো ২২ ডিসেম্বর সাদা দলের কেন্দ্রীয় কমিটির সভায় উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, ১২টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়। অন্যদিকে, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের নাম ৪টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

যুগ্ম আহ্বায়ক (উত্তর) হিসেবে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নাম ৭টি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্ উল ইসলামের নাম ৪টি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহা. রুহুল আমীনের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামের নাম ৭টি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানীর নাম ৪টি এবং ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মুস্তাফিজুর রহমানের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।