বায়ুদূষণের শীর্ষে কসোভোর প্রিস্টিনা, ১২তম ঢাকা

বায়ুদূষণের শীর্ষে কসোভোর প্রিস্টিনা, ১২তম ঢাকা

ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন শহরে বিবিধ কারণে দিন দিনই বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বিশেষ করে শুষ্ক মৌসুমে এটা আরও বেড়ে যায়। বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা।

বুধবার (০১ জানুয়ারি) সকালে বিশ্বের ১২৬টি দেশের দূষিত শহরের তালিকার ১২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শহরটির স্কোর ২০৪।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৪৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে কসোভোর প্রিস্টিনা শহর এবং ২৪৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রিসের এথেন্স। তৃতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা, যার স্কোর ২৪৪। এ ছাড়াও ২৩০ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বসনিয়ার হারজোগোনিয়ার সারাজেভো এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহর, যার স্কোর ২৩০। 

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।