হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা নওগাঁর সেই পিপির

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা নওগাঁর সেই পিপির

নওগাঁর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলাম

আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওগাঁর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলাম।

সোমবার (৬ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে তার ক্ষমা মঞ্জুর করেন হাইকোর্ট।

এর আগে আদালত ঘেরাওয়ের হুমকি এবং বিচারককে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার ঘটনায় গত ১৮ ডিসেম্বর পিপি আবু জাইদ মো. রফিকুল ইসলামকে তলব করেন হাইকোর্ট।

নওগাঁ পিপি রফিকুল প্রকাশ্যে বিচারক ও বিচার বিভাগ নিয়ে আদালত অবমাননাকর বক্তব্য দেওয়ার পর গত ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর পিপির বক্তব্য যুক্ত করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম আবেদন করেন। এতে প্রতিস্বাক্ষর করেন নওগাঁয় দায়িত্বরত সাত জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

পরে আবেদনটি প্রধান বিচারপতির নজরে আনা হয়। এরপর আদালত অবমাননা সংক্রান্ত আবেদনটি সংশ্লিষ্ট বেঞ্চে পাঠিয়ে দেন প্রধান বিচারপতি। সে অনুসারে আবেদনটি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত স্বপ্রণোদিত হয়ে নওগাঁর পিপি রফিকুলকে তলব করেন।