ফতুল্লায় চালককে খুন করে ইজিবাইক ছিনতাই
ছবি : প্রতীকি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজে হারেজ মিয়া (৪৫) নামে এক চালককে খুন করে দুইটি ব্যাটারিচালিত ইজিবাইক লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত হারেজ মিয়া নীলফামারী সদরের তালুক মানুষমারা এলাকা মৃত. গফুর মিয়ার ছেলে। সে শুক্কুর আলীর গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন।
নিহতের শ্যালক মুসফিকুর রহমান পরিচয় শনাক্ত করে বলেন, ৩ থেকে ৪ দিন যাবত শুক্কুর আলীর গ্যারেজে থাকেন হারেজ মিয়া। এর আগে অন্য গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন। হারেজ মিয়ার ৪ জন কন্যা সন্তান ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকে। সকাল ৮টায় গ্যারেজের মিস্ত্রী খোরশেদ জানিয়েছে হারেজ খুন হয়েছে।
গ্যারেজ মিস্ত্রী খোরশেদ বলেন, সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকি। কোন সাড়াশব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত নিথর দেহ। এরপর গ্যারেজ মালিককে জানাই। তিনি এসে দেখেন ৪টি গাড়ির মধ্যে দুটি নেই। দুর্বৃত্তরা হারেজকে মাথায় ও মুখে আঘাত করে হত্যার পর দুটি ইজিবাইক নিয়ে গেছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে