দিনাজপুরে নারী চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরে নারী চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ছবি : সংগৃহীত

নারী চিকিৎসককে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্চিত করায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানবনবন্ধন করা হয়।

এদিকে অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) হামলার ঘটনায় তীব্র নিন্দা ও চিকিৎসকদের দাবি নিয়ে আন্দোলনের সঙ্গে একাত্বতা ঘোষণা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ ডিসেম্বর গাইনি সার্জন সহকারি অধ্যাপক ডা. আরজু শামীমা রহমান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের আগে কিছু পরামর্শ দেন। এসময় রোগীর স্বামী ও স্বজনরা চিকিৎসকের সঙ্গে বির্তকে জড়িয়ে পড়ে এবং চিকিৎসক শামীমাকে শারীরিকভাবে লাঞ্চিত করে।

অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ দিনাজপুর শাখার আয়োজনে ও ওজিএসবি সেন্ট্রাল এর একাত্বতায় এবং দিনাজপুরের সকল বিভাগের সর্বস্তরের ডাক্তারবৃন্দের অংশগ্রহণে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (গাইনী) সহকারী অধ্যাপক ডা. ইশরাত শারমিন। কেন্দ্রীয় থেকে পাঠানো ওজিএসবি’র প্রতিবাদলিপি পাঠ করেন গাইনী বিশেষজ্ঞ এবং ওজিএসবি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহানারা বেগম মুন্নি। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডা. মো. সামিউল হোসেন, ডাঃ রুখসানা মমতাজ লিজা, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ হাদিউজ্জামান, ডাঃ সন্দীপন চক্রবর্তী, ডাঃ ফাতেমা ফারজানা, ডা. মনজুরুল ইসলাম, ডা. আব্দুস সালাম ও দিনাজপুর জেলা বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমিটির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ প্রমুখ।