বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হলের সিট বণ্টনকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে সাকিব নামে এক শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেরোবির বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুলের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীর সিট পুনর্বণ্টন নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রথমে বাগ-বিতণ্ডা হয়। এ নিয়ে একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, খবর ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।