সুনামগঞ্জে স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী গ্রেফতার

সুনামগঞ্জে স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী গ্রেফতার

প্রতিকী ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরকীয়া সম্পর্কের জেরে মনির আহমদ (২৯) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই যুবকের স্ত্রী ও প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার উকারগাঁও গ্রামের বাড়ির হাওরের পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পেশায় মৎসজীবী মনির উপজেলার উকারগাঁও গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে রাজন নামের প্রতিবেশী এক যুবকের সঙ্গে উকারগাঁও সংলগ্ন লাটিয়া বিলে মাছ ধরতে যান মনির। তিনি রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে রবিবার সকালে বাড়ির পাশের হাওরের পাড়ে তার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্বজনরা। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

নিহতের মা বকুল বেগম বলেন, শনিবার রাতে মনিরকে মাছ ধরার কথা বলে বিলে নিয়ে যায় রাজন। পরে আমার ছেলে আর ফেরত আসেনি। সে-ই আমার ছেলেকে খুন করেছে।  

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মৃকর্তা মো. আকরাম উদ্দিন বলেন, মনিরের স্ত্রী জুনিয়ার সঙ্গে রাজনের পরিকিয়া সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি।

এর জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে। তিনি আরও বলেন, প্রতিবেশী রাজন ও নিহতের স্ত্রী জুনিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।