হাতিয়া বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী আব্দুল মোতালেব স্কুল ও হাতিয়া কলেজ
সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় অনুষ্ঠিত ৫ম আন্তঃস্কুল ও ২য় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে বিজয়ী হয়েছে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় এবং হাতিয়া দ্বীপ সরকারি কলেজ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১১টি স্কুল ও কলেজের মধ্যে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, এবং রানার আপ হয়েছে জাহাজমারা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের জাসিয়া ইসলাম আরশি। বিতর্কের বিষয় ছিল ‘নেতা নয়, ভাল মানুষই পারে পৃথিবীকে বদলে দিতে’।
এছাড়া, ২য় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ এবং রানার আপ হয়েছে হাতিয়া ডিগ্রী কলেজ। বিজয়ী দলের সদস্য জাহিদুল ইসলাম শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হন। তাদের বিতর্কের বিষয় ছিল ‘এ সময়ে মেধাবী মানুষের চেয়ে মানবিক মানুষ বেশী প্রয়োজন’।
এ প্রতিযোগিতা হাতিয়া ডিবেটিং সোসাইটির আয়োজনে ১২ জানুয়ারি সকালে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাচ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট রাকিবুল ইকবাল জিসান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মেহেদী হাসান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক নাইমুর রহমান দুর্জয়।
হাতিয়া ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া ডিবেটিং সোসাইটির সভাপতি মো: শাফায়েত উদ্দীন। বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান হাসান, হাতিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো: ফিরোজ উদ্দিন, এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।
এছাড়া, গতকাল (১১ জানুয়ারি) বিতর্ক প্রতিযোগিতার প্রশিক্ষণ কর্মশালা ও প্রথম, ২য় এবং সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।