সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশী আহত হয়েছেন। আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘণ্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক। নোম্যানস ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে।

সীমান্তের এপার-ওপারে দুই দেশের জনতা মারমুখী অবস্থানে রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয়দের অভিযোগ- ভারতীয় জনগণ বাংলাদেশী ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরই গাছ কেটে ফেলেছে। কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, মোটরসাইকেলে করে ফারুক সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য গিয়েছিল। উত্তেজনার মধ্যে তীব্র বেগে আসা পাথরের আঘাত পান মাথায়। আর স্থানীয় মিঠুন জানান, সীমান্তে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে রনির ওপর আক্রমণ করে। এতে রনি আহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস বলেন, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অতিরিক্ত ফোর্স তলব করা হয়েছে। অপর দিকে ভারতীয় সীমান্তেও অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ করা গেছে।