ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেটসহ বর্ধিত ভ্যাট প্রত্যাহার হলো যেসব খাতে
ফাইল ছবি
নানা মহলের সমালোচনার মুখে অবশেষে ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবাসহ বেশ কয়েকটি পণ্যের ওপর নতুন করে আরোপিত ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২২ জানুয়ারি) এনবিআরের পৃথক ৪টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এনবিআর জানায়, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনা করে বৃহত্তর জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় পণ্য ও সেবায় বিদ্যমান ভ্যাটের হার, উৎসে ভ্যাট কর্তনের হার ও সম্পূরক শুল্কের হার হ্রাস করে ৪টি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে ওষুধ শিল্পের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার ২ দশমিক ৪ শতাংশ বলবৎ রাখা হয়েছে। ফলে ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না।
মোবাইল ফোন ও আইএসপি সেবায় ভ্যাট প্রত্যাহারের ব্যাপারে বলা হয়েছে, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণ এবং অনলাইনভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম অথবা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে মোবাইল ফোন ও আইএসপি সেবার ওপর বর্ধিত অথবা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধি পাবে না।
এর আগে রেস্তোরাঁ, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ওপর থেকে ভ্যাট বৃদ্ধির আদেশ প্রত্যাহার করা হয়।
রেস্তোরাঁয় ভ্যাট প্রত্যাহারের ব্যাপারে বলা হয়, দেশের বৃহৎ জনগোষ্ঠীর জন্য সুলভমূল্যে রেস্তোরাঁয় খাবার গ্রহণের সুবিধার্থে থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ স্টার হোটেল ব্যতীত অন্য সব রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সাধারণ জনগণ আগের মূল্যেই এসব রেস্টুরেন্টের খাবার গ্রহণ করতে পারবেন।
একই বিবেচনায় নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নন এসি হোটেল, মিষ্টান্ন ভান্ডার ও নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে সেবার ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করে। অর্থবছরের মাঝখানে এসে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলার মতো বিভিন্ন পণ্য ও সেবায় এই ভ্যাট-শুল্ক আরোপে ব্যাপক সমালোচনা শুরু হয়। জনসাধারণ, ব্যবসায়ী, অর্থনীতিবিদেরা সবাই এর বিরোধিতায় নামেন।