বিনামূল্যের সরকারি নতুন বই পাচারকালে ৯ হাজার বই জব্দ, গ্রেফতার ১
ছবিঃ সংগৃহিত।
শেরপুরে বিক্রির উদ্দেশ্যে নেয়া বিনামূল্য বিতরণের সরকারি ৯ হাজার বইসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাইদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বুধবার (২২ জানুয়ারি) রাতে গোয়েন্দা সংস্থা (এনএসআই)'র তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া থেকে বইসহ ট্রাকটি জব্দ করে।
ট্রাকটিতে ২০২৫ সালের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের মোট ৯ হাজার বই ছিল। বইগুলো কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নেয়া হচ্ছিলো।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, বইগুলো সুনির্দিষ্টভাবে কোথায় নেয়া হচ্ছিলো, তা এখনও জানা সম্ভব হয়নি। একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে হয়তো বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।