গাভাস্কারকে নিয়ে বোর্ডের কাছে বিস্ফোরক অভিযোগ রোহিতের
ছবি: সংগৃহীত
গত কয়েক বছর ধরেই ভারতীয় দলের খারাপ পারফরম্যান্স নিয়ে সরব থাকেন দেশটির সাবেক তারকা ক্রিকেটাররা। কিছুদিন আগে বোর্ডার-গাভাস্কার সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের ক্রিকেটারদের থেকে দল নির্বাচন নিয়ে নানা সমালোচনা করেছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক তারকা সুনীল গাভাস্কার।
ভারতীয় সাবেক তারকার সমালোচনায় বেশি ছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। গণমাধ্যমে সিনিয়রদের নিয়ে কথা তো বলেছেনই, ছাড়েননি ধারাভাষ্য কক্ষেও। যা নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে নাকি অভিযোগ করেছেন রোহিত।
রোহিতের অভিযোগ, গাভাস্কার বাইরে থেকে যে চাপ তৈরি করেছেন, সেই চাপ তাঁর পারফরম্যান্সকে প্রভাবিত করেছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রোহিত মনে করছেন যে, 'সুনীল গাভাস্কারের এই সমালোচনা করার দরকার ছিল না। সেই কারণেই তিনি বিসিসিআইয়ের কাছে গাভাসকরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।'
দ্বিতীয় সন্তানের জন্মের জন্য রোহিত বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ছিলেন না। পরবর্তী তিনটি টেস্টে তিনি মাত্র ৩১ রান করেন। সিডনির শেষ টেস্টে শেষ পর্যন্ত নিজেকে বাদই দেন রোহিত। ভারত অধিনায়ক ব্যাট হাতে সমস্যায় পড়ার পর, গাভাস্কার মন্তব্য করেন যে ডানহাতি ব্যাটারের পদত্যাগ করা উচিত। নির্বাচকরা তাঁকে দলে রাখুক ছাই না রাখুক, 'রোহিত মেলবোর্ন এবং সিডনিতে রান না' করলে তাঁর পদত্যাগ করাই ঠিক বলে জানিয়েছিলেন গাভাস্কার।
বোর্ডার-গাভাস্কার সফরে গাভাস্কার আরও জানিয়েছিলেন, 'অধিনায়ক রোহিত শর্মা ভালো খেলতে পারছেন না। নিজের ফর্মের জন্যই তাঁর সরে যাওয়া উচিত।' এরপর রোহিত সরে যাওয়ার সাহসী সিদ্ধান্ত নেওয়ার পরে, টেস্ট ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলেছিলেন গাভাস্কার।
গাভাস্কারের এসব সমালোচনা সহজভাবে নিতে পারেননি রোহিত। বরং এসব তাকে ফেলেছিল কঠিন মানসিক চাপে। তাই বিসিসিআইয়ের কাছে অভিযোগও নাকি জানিয়েছেন ভারতের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক।