শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক

শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক

সংগৃহীত

ঢাকায় শরীয়তপুর সাংবাদিক সমিতির (২০২৫-২৬) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। গত ১০ জানুয়ারি সমিতির ভোটের আয়োজন করা হয়েছিল।

শরীয়তপুর সাংবাদিক সমিতির নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান পলাশ বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্নে কাজ করার জন্য সব সময় পাশে থাকবো।

এসময় সদস্যদের পাশে থাকার প্রত্যয় নিয়ে নতুন কমিটির আগামী দু’বছরের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। তারা যত ভুলভ্রান্তি তুলে ধরবে তত ভুল ঘুচিয়ে সঠিকভাবে কাজ করা যাবে। শরীয়তপুর জেলার জনসংখ্যার ভিত্তিতে উন্নয়ন হওয়া দরকার। তাই শরীয়তপুরের উন্নয়নের জন্য আমাদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন জেলায় উন্নয়ন হলেও শরীয়তপুরে হলো না কেনো? আগে যারা শরীয়তপুরের দায়িত্বে ছিলেন তারা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। শরীয়তপুর জেলার বিভিন্ন উন্নয়নের জন্য সরকার যে বাজেট  দিয়েছিল সেই বাজেটের টাকা কোথায় গেলো? এই অনিয়মের বিষয়ে সাংবাদিকদের সোচ্চার হতে হবে। সাংবাদিক ও রাজনীতিবিদ মিলে নতুন একটি শরীয়তপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিএম ইউসুফ আলী বলেন,  মানুষের কল্যাণে সাংবাদিকদের সর্বদা সজাগ থাকতে হবে। যে যেখানে থাকুক জন্মস্থানকে এগিয়ে নেওয়া সকলের দায়িত্ব।

নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ মামুনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মনিরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মহিউদ্দিন আহমেদ জিন্টু, শরীয়তপুর সাংবাদিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, কমিশনার কাঞ্চন কুমার দে, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগরসহ সদস্যবৃন্দ।