সিরাজগঞ্জে ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ
ফাইল ছবি
সিরাজগঞ্জে পুলিশ হেফাজতে রোকন মোল্লা নামের এক ট্রাকচালককে নির্যাতনের ঘটনায় উল্লাপাড়া ও সলঙ্গা থানার সাবেক ওসি সহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সলঙ্গা থানা আমলি আদালতের বিচারক কেএম শাহরিয়ার বাপ্পী সিরাজগঞ্জ পুলিশ সুপারকে (এসপি) বাদীর আবেদনটি নিয়মিত মামলা হিসেবে রুজুর এ নির্দেশ দেন।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী গোলাম হাদী কিরন।
অভিযুক্ত আসামিরা হলেন- উল্লাপাড়া মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সলঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) মুনসুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস ও উল্লাপাড়া থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম। এতে আরও ৯ থেকে ১০ জন পুলিশ সদস্যকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর আগে ট্রাকচালক রোকন মোল্লা বাদী হয়ে সলঙ্গা আমলি আদালতে মামলা রুজুর আবেদন করেন। রোকন মোল্লা পাবনা জেলার ফরিদপুর থানার নেছড়াপাড়া (শিববাড়ী) গ্রামের রহমত মোল্লার ছেলে।
এ বিষয়ে আইনজীবী গোলাম হাদী কিরন বলেন, আদালত পুলিশ সুপারকে মামলাটি রুজুর নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী ট্রাকচালক রোকন মোল্লা সঠিক তদন্ত ও বিচারের দাবি করে বলেন, উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম পিস্তল দিয়ে আমাকে গুলি করে পঙ্গু করে দিয়েছে। এখন আমার একটি পা নেই। পুলিশের তিনটি মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলাম। এজন্য অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি।
তবে প্রধান অভিযুক্ত উল্লাপাড়া মডেল থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ওই ট্রাকচালক আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে উত্তরবঙ্গের ছয়টি জেলার বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে।’
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন বলেন, ‘ওই ট্রাকচালকের অভিযোগের প্রেক্ষিতে আদালত মামলাটি রুজুর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’