৮ ঘণ্টা পর পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে দীর্ঘ আট ঘণ্টা পরে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাটের নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই দুই নৌপথে ফেরি চলাচল শুরু হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন চৌধুরী।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে নৌপথ অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাটের নৌপথের ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে নৌপথ স্পষ্ট হলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি এবং আরিচা-কাজিরহাটের নৌপথে ছয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আশা করছি ২-৩ ঘণ্টার মধ্যে অপেক্ষমাণ সব যানবাহন পারাপার হয়ে যাবে।