গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

প্রতিকী ছবি

বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতি নেয়া দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়াও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আশোকাঠি বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন।

আটককৃতরা হলো-গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের মৃত খালেক সরদারের ছেলে আল আমিন (৩৭), যশোরের আশ্রমরোড শংকরপুর এলাকার মৃত আনোয়ারুল ইসলাম আনারের ছেলে রিয়াজ হোসেন হৃদয় (৩০), একই এলাকার মৃত লোকমান হাওলাদারের ছেলে ইয়াছিন আরাফাত (২৭), বরিশাল সদর উপজেলার কাউয়ারচর এলাকার মৃত আশরাফ আলী খানের ছেলে আসাদুজ্জামান তুহিন খান (৪৮) ও তার ভাই জীবন খান (৩৬)।

ওসি ইউনুস মিয়া বলেন, উপজেলার আশোকাঠি বাসষ্ট্যান্ড এলাকার জিন্নাত আলী হাওলাদারের ঘরে ডাকাতির প্রস্তুতি নেয়। তখন টহলরত পুলিশ সদস্য টের পেয়ে অভিযান করে। এ সময় তারা ৫ জনকে আটক করতে সমর্থ হয়। তবে আরো ২/৩ জন পালিয়ে যায়।

এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে। ওই মামলার আসামী হিসেবে সকলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।