গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক মেয়র লিটনের বাড়ি
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের একাংশ ভেঙে ফেলা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয় ভবনটির সামনে। এ ছাড়া উৎসুক মানুষজনও ভিড় করেন। এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। এ সময় বাসভবনের সামনের অংশ ও সীমানা প্রাচীরসহ দুপাশ ভাঙা হয়।
এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের এই তিনতলা বাড়িটি ছিল পরিত্যক্ত। শেখ হাসিনা সরকারের পতনের দিনই মহানগরীর উপশহরে থাকা এই বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে গেছেন খায়রুজ্জামান লিটন। এ পর্যন্ত তার নামে দুটি হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।