ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

ফাইল ছবি

ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ক্যারিবিয়ান সাগর সংলগ্ন এলাকা। কেম্যান দ্বীপপুঞ্জের জর্জ টাউনের ১২৯ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অংশকে কম্পনের উৎসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। US Geological Survey জানিয়েছে, ক্যারিবিয়ান সাগরে নাটির ১০ মাইল গভীর এলাকা থেকে কম্পনের তরঙ্গ ছড়িয়ে পড়ে।

আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনও এই ঘটনায় সতর্ক করেছে সবাইকে। জানা গিয়েছে, জামাইকা, মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কিউবা, কেম্যান আইল্যান্ড, কস্টা রিকা, বাহামাস, বেলিজ এবং হাইতির ওপর বিপদ ঘনিয়ে আসতে পারে। সুনামি আছড়ে পড়তে পারে সেখানে। পুয়ের্তো রিকো, ভার্জিন আইল্যান্ডেও সুনামি সতর্কতা জারি হয়স যদিও পরে তা বাতিল করা হয়।

পুয়ের্তো রিকোর গভর্নর জেনিফার গঞ্জালেস জানিয়েছেন, জরুরি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ডমিনিকান সরকার জানিয়েছেন, সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূল এলাকা থেকে সরে আসতে বলা হয়েছে বাসিন্দাদের। উপকূল থেকে অন্তত দুই কিলোমিটার ভেতরে চলে আসতে বলা হয়েছে। জাহাজ, নৌকা নিয়ে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কিউবা সরকারও নাগরিকতে সমুদ্র সংলগ্ন এলাকা থেকে সরে আসতে বলেছে। হন্ডুরাসেও জরুরি ভিত্তিতে সতর্কতা জারি করেছে সরকার। আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ঢেউয়ের উচ্চতা ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে। তবে দ্বীপ অঞ্চলগুলির উচ্চতার ওপর সবকিছু নির্ভর করছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, নর্থ আমেরিকান এবং ক্যারিবিয়ান প্লেটের মধ্যখানে যে অগভীর এবং পুরু ভূত্বক রয়েছে, সেখানে চ্যুতিরেখায় স্খলন হয়ে থাকতে পারে। এর জেরেই এত তীব্র ভূমিকম্প। সূত্র: সিএনএন