বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

ফাইল ছবি

আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থেকে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে।

ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে এ আয়োজনে নির্বিঘ্নে অংশ নিতে পারেন এবং এ সময় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু রাখার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাড়ি পার্কিং, ডাইভারশনসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। বিশ্ব ইজতেমায় যোগদানকারী মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে সবাইকে নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ জানানো হলো।

বিশেষ নির্দেশনাগুলো হলো :

১। আখেরি মোনাজাতের দিন ১৬ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে রেডিসন ব্লু থেকে খিলক্ষেত, এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর হয়ে কামারপাড়া পর্যন্ত মহাসড়কটি পরিহার করে চলাচলের জন্য যানবাহন চালকদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

২। আখেরি মোনাজাতের দিন ১৬ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী, বিমান অপারেশনাল যানবাহন ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত সব প্রকার যানবাহনের চালকরা বিমানবন্দর সড়ক (ঢাকা ময়মনসিংহ মহাসড়ক) পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করবেন।