চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহিত।

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে থানা থেকে লুট হওয়া একটি এলজিসহ  ইউসুফ শান্ত (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আগ্রাবাদ চৌমুহনী চারিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, গ্রেপ্তার ইউসুফ শান্তের দেখানো  মতে-তার বসতঘর থেকে একটি এলজি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উদ্ধার অস্ত্রটি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে থানা ভাঙচুর করার সময় থানার মালখানা হতে লুট করে নিয়ে যায় বলে স্বীকার করে।

নগর পুলিশের পশ্চিম বিভাগের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, ‘ইউসুফ শান্ত নামে ওই যুবককে বৃহস্পতিবার দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, তার কাছে একটি অস্ত্র রয়েছে।’ তাকে জিজ্ঞাসাবাদে জড়িত আরও দুজনের নাম পেয়েছি আমরা। তাদের ধরতে অভিযান চলমান আছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধী কোনো রাজনৈতিক পরিচয় নেই। যে বা যারাই অপরাধ করবে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আর এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে ইউসুফের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।’