গ্যাস পেয়ে ১৩ মাস পর যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু
সংগৃহীত ছবি
গ্যাস সংকটে ১৩ মাস উৎপাদন বন্ধ থাকার পর ফের ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দি যমুনা সার কারখানায়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানান, গ্যাসের চাপ কম থাকায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে। আজ থেকে কার্যক্রম শুরু হলেও পুরোপুরি উৎপাদনে যেতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে।
প্রসঙ্গত, ১৯৯১ সালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় যমুনা সারকারখানা। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন করে আসছিল।