ফেনীতে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পৃথক বিক্ষোভ

ফেনীতে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পৃথক বিক্ষোভ

সংগৃহীত

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ফেনীতে পৃথক বিক্ষোভ মিছিল করেছে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফেনী জেলা ছাত্রদল। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফেনী শহরের ট্রাংক রোডে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরে ছাত্রদলের নেতারা এই কর্মসূচি পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সমন্বয়ক আবদুল কাইয়ুম সোহাগের নেতৃত্বে ফেনী শহরের ট্রাংক রোডে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন - ছাত্র সংগঠক তুহিন আহমেদ,  ফেনী জেলার অন্যতম সমন্বয়ক আবদুল আজিজ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি নাদেরুজ্জামান, জাতীয় নাগরিক কমিটির জাহিদুল ইসলাম সৈকত, ছাত্রদল নেতা আবু বক্কর সিদ্দিক প্রখুম।

এ সময় বক্তারা বলেন, কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। ফ্যাসিস্ট হাসিনার সময় যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হতো, তেমনিভাবে কুয়েটে হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত বিচারের দাবি করছি।

এদিকে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের ট্রাংক শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন,  কুয়েটের শিক্ষার্থীদের ওপর গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন - জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ,  যুগ্ম সম্পাদক সওকত আলী জুয়েল,  দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক প্রমুখ।