বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি স্থগিত

ফাইল ছবি

ব্যাপক সমালোচনা, বিতর্কের মুখে ঘোষণার এক দিন পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক পোস্টে কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের ঠাঁই দেওয়ার অভিযোগ তোলেন সমন্বয়কদের একাংশ। এছাড়াও ঘোষিত কমিটিতে তিন নেতার নাম প্রকাশ করা হয়েছে। তাদের নামের পাশে মহিলা কলেজ লেখা হয়েছে। এ নিয়ে বিতর্ক দেখা দেয়।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটিতে অনাকাঙ্ক্ষিত অনেক ভুল থাকায় পেজ থেকে কমিটি সরিয়ে নেওয়া হয়েছে।’

নির্দিষ্ট অভিযোগ থাকলে বিভাগীয় প্রতিনিধিদের জানানোর পরামর্শ দিয়ে গালিব জানান, ‘সংশোধনের পর পুনরায় কমিটির নাম প্রকাশ করা হবে।’

এছাড়া তিনি লিখেন, ‘সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিলেট ও সম্মিলিত মেডিকেল কলেজ সিলেটের কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।’ এ দুই ইউনিটে কাজ করতে আগ্রহীদের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন তিনি।