যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করলেন বিএসএমএমইউ কর্তৃপক্ষ
ছবি: প্রতিনিধি
যশোর প্রতিনিধি: যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল।
১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার সকালে বেসরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসটি পরিদর্শনে আসেন ৬ সদস্যের প্রতিনিধি দলটি। মেডিকেল কলেজটিতে বিএসএমএমইউ এর সাথে অধিভুক্ত চলমান ডিপ্লোমা ইন অবস্ এন্ড গাইনী (জিডিও) এবং ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি (ডিও) কোর্স মূল্যায়নের জন্য এই পরিদর্শন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএমএমইউ ঢাকার সার্জারী অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন। অন্য সদস্যরা হলেন বিএসএমএমইউ এর পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. জাফর খালেদ, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, অব্স এন্ড গাইনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফাহমিদা জাবিন, লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড জেনারেল হসপিটালের ডাইরেক্টর জেনারেল অধ্যাপক ডা. শাহিনুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজের অব্স এন্ড গাইনী বিভাগের অধ্যাপক ডা. আইরিন পারভীন আলম।
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের পক্ষে ছিলেন চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান, অধ্যক্ষ, অধ্যাপক ডা. সন্জয় সাহা, আদ্-দ্বীন হাসপাতালসমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির, হাসপাতাল পরিচালক ডা. মোঃ ইমদাদুল হক, ডিজিও ও ডিও কোর্সের শিক্ষক ও অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি হাসপাতালে স্থাপিত কোর্স দুটির ক্লাস রুম এবং আউটডোর, ইনডোর ও ওটি কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক ডা. মো: রুহুল আমিন প্রশংসা করেন বলেন, প্রতিষ্ঠানটি পরিদর্শনের পর মনে হচ্ছে তাদের যে অবকাঠামো এক কথায় অসাধারণ। কোন সন্দেহ নাই। টিচিং স্টাফ পরিপূর্ণ আছে। শিক্ষার যে পরিবেশ তা খুবই ভাল। আমাদের পরিদর্শনের মুল উদ্দেশ্য হচ্ছে যে আমরা জাতির জন্য নিরাপদ বিশেষজ্ঞ তৈরি করা। ফ্যাকাল্টি এবং অবকাঠামো দুটিই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক বানানোর মানসিকতা কতটুকু আছে তা জানা জরুরী। যদি যথাযথ প্রক্রিয়া মেনে এখান থেকে পোস্ট গ্রাজুয়েট অধ্যয়নরতদের শিক্ষা দেয়া হয় তাহলে দেশের জন্য উপকার বয়ে আনবে।
প্রতিনিধি দল ক্যাম্পাসে পৌছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ। তারা প্রথমে কনফারেন্স রুমে দাপ্তরিক নথি পর্যবেক্ষণ করেন। সেখানে মেডিকেল কলেজের ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর ডিজিও কোর্সের ওপর প্রেজেন্টেশন করেন কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মোঃ হাসানুজ্জামান ও ডিও কোর্সের ওপর প্রেজেন্টেশন করেন কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মোঃ গিয়াস উদ্দিন।