গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ইউপি সদস্যের মৃত্যু

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ইউপি সদস্যের মৃত্যু

ফাইল ছবি

নরসিংদীর পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাসেল সরকার নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় নামক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল সরকার শিবপুর উপজেলার শিমুলিয়া গ্রামের সবুজ সরকারের ছেলে ও দুলালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। 

পুলিশ জানায়, সকালে ওই ইউপি সদস্য ঘোড়াশাল সার কারখানা থেকে কাজ শেষে শিবপুরে তার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটির বেপরোয়া গতি থাকায় বালিয়া মোড় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই রাসেল সরকারের মৃত্যু হয়।  

পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরে পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়।