চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় মহির, সবুজ ও শরীফুজ্জামান নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এর আগে শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্য। এ সময় যাত্রীদের কাছ থেকে ডাকাতি হওয়া তিনটি মোবাইল ফোন, ২৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাস ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত তিনজন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বাস ডাকাতির ঘটনা নজরে আসামাত্রই পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্য মহির, সবুজ ও শরীফুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাস ডাকাতির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে তারা। এ সময় যাত্রীদের কাছ থেকে ডাকাতি হওয়া তিনটি মোবাইল ফোন, ২৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নারী যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার লুট করার সময় শ্লীলতাহানির ঘটনা ঘটে। তবে ধর্ষণের ঘটনা ঘটেনি। ডাকাতির সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাত ১১টায় গাবতলি থেকে আমরি ট্রাভেলসের’ একটি বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় পৌঁছলে রাত ১২টা ৩৫ মিনিটে ডাকাতি শুরু হয়। তিন ঘণ্টা ধরে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি শেষে ঘুরিয়ে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে রাত ৩টা ৫২ মিনিটে ডাকাতরা নেমে যায়। পরে ওমর আলী নামে এক যাত্রী বাদী হয়ে শুক্রবার সকালে একটি মামলা দায়ের করেন।